ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তার মুখপাত্র জানিয়েছেন, আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিটে তিনি সুইজারল্যান্ডের এমেন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।
এর আগে গতকাল শনিবার রাতে ইরানি প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এই প্রতিনিধি দলে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
এদিকে আল জাজিরা জানিয়েছে, সুইজারল্যান্ডের স্থানীয় সময় আজ দুপুরে মার্কিন ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যস্থতাকারী দেশ হিসেবে বৈঠকে কাতারের প্রতিনিধি দলও উপস্থিত থাকবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ‘আজকের এই বৈঠক হবে একদিনের। সকালে আমরা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করব।
‘এরপর দুপুরে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।’
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্র ও ইরানের সই করা ১৪ দফার সমঝোতা স্মারকে যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানো এবং তেহরানের পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়।
তবে আলোচনা শুরুর আগের দিন এই সমঝোতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে।
গতকাল শনিবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হন। ১৪ দফার সমঝোতা স্মারকের প্রথম দফাতেই লেবাননে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ রয়েছে।
ওই হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়।
এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডে সমঝোতা স্মারক বাস্তবায়নের আলোচনায় বসতে যাচ্ছে সংশ্লিষ্ট পক্ষগুলো।