ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলায় বিয়ের একদিন আগে নিজেদের বাড়ি থেকে হবু কনেসহ একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তারা ‘বিষ খেয়ে আত্মহত্যা’ করেছেন।
নিহত তিনজন হলেন শিবান্না (৫০), তার স্ত্রী নাগারাথনা (৪৫) এবং তাদের মেয়ে রাকশিথা (২১)।
পুলিশ সূত্রের বরাতে গতকাল সোমবার রাতে এনডিটিভি জানিয়েছে, মাইসুরুর টি নরসিপুরা তালুকের হালেকেম্পায়ানাহুন্ডি গ্রামে ওই পরিবারের তিনজন ‘বিষপান করে আত্মহত্যা’ করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ঠিক পরদিনই রাকশিথার বিয়ে ছিল।
পারিবারিক সূত্র জানায়, বিয়ের আগের দিনগুলোতে পরিবারটি মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা উল্লাস গৌড়া নামের এক তরুণের কাছ থেকে পরিবারটি ক্রমাগত হয়রানির শিকার হচ্ছিল। রাকশিথাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
অন্য এক তরুণের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় রাকশিথাকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করতে শুরু করেন উল্লাস।
পুলিশের ধারণা, বিয়ে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে রাকশিথার হবু বরের কাছে বার্তা ও ছবি পাঠান উল্লাস।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যেখানে এই মৃত্যুর জন্য উল্লাস গৌড়াকে দায়ী করা হয়েছে বলে জানা গেছে।
তবে পুলিশ এখনো সুইসাইড নোটে লেখা সব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
টি নরসিপুরা থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মামলা করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।