কানাডার সাসকাটুন শহরের একটি হাইস্কুলের সমাবর্তন অনুষ্ঠানে এক স্নাতক শিক্ষার্থীর গলা থেকে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী রুমাল কেফিয়াহ জোর করে খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে ফিলিস্তিনিবিদ্বেষী বর্ণবাদের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে কানাডার মুসলিম সংগঠন ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সংগঠনটি ক্ষোভ প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এনসিসিএম বলেছে, ‘সাসকাটুনের সেন্টেনিয়াল কলেজিয়েটের সাম্প্রতিক এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে সমাবর্তন অনুষ্ঠানে এক তরুণীর গলা থেকে ফিলিস্তিনি কেফিয়াহ জোর করে প্রতিষ্ঠানটির এক কর্মীকে খুলে নিতে দেখা গেছে।
‘সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক ফিলিস্তিনিবিদ্বেষী বর্ণবাদ দেখেছি, বিশেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস এবং এ ধরনের সমাবর্তন অনুষ্ঠানগুলোতে; যেখানে ফিলিস্তিনি সংস্কৃতি বা পরিচয়ের যেকোনো নিদর্শনকে সন্ত্রাসবাদ ও সহিংসতার সঙ্গে মিলিয়ে ফেলা হচ্ছে।’
এনসিসিএম জানায়, তারা এ ঘটনায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
সংগঠনটির ভাষ্য, ‘এ ধরনের ঘটনা ফিলিস্তিনবিরোধী বর্ণবাদের স্পষ্ট উদাহরণ। কানাডার সব প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
এ বিষয়ে মন্তব্যের জন্য আনাদোলু এজেন্সির পক্ষ থেকে সেন্টেনিয়াল কলেজিয়েটের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।