সুইজারল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে ভারতের হায়দরাবাদ শহরের এক ব্যবসায়ী ও তার স্ত্রী গত প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পুলিশের কাছে অভিযোগ এসেছে, বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে ওই দম্পতি দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
নিখোঁজ দম্পতি হলেন ৫১ বছর বয়সী ব্যবসায়ী পাব্বা চন্দ্রশেখর এবং তার স্ত্রী স্বপ্না (৪২)।
তাদের ২৩ বছর বয়সী মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শ্রেয়া পুলিশকে জানান, গত ২২ জুন তার মা-বাবা সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা দেন।
এনডিটিভি বলছে, শুরুতে পাব্বা ও স্বপ্না আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ রাখলেও গত বুধবার থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের দুটি মোবাইল ফোনই বন্ধ বা নেটওয়ার্কের বাইরে পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ না থাকায় চিন্তিত শ্রেয়া পুলিশের দ্বারস্থ হন। পুলিশ পরে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে তদন্ত শুরু করে।
তদন্তকারীরা ওই দম্পতির ভ্রমণ পরিকল্পনা, ইমিগ্রেশন রেকর্ড এবং আর্থিক লেনদেন যাচাই করে দেখছেন, তারা আসলেই সুইজারল্যান্ডে প্রবেশ করেছিলেন কি না এবং বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন।
এরই মধ্যে পুলিশের কাছে অভিযোগ এসেছে, পাব্বা ও তার স্ত্রী গত কয়েক বছরে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে ৬০ জনেরও বেশি ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ কোটি রুপি সংগ্রহ করেন।
প্রতারণার বিষয়ে অবশ্য পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মামলা করা হয়নি।
তারা জানান, নিখোঁজের তদন্ত চলছে। স্বেচ্ছায় আত্মগোপন বা আর্থিক জালিয়াতিসহ সব ধরনের সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।