কানাডার টরন্টোয় লাতিনদের বৃহত্তম সড়ক উৎসবে এলোপাতাড়ি গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, টরন্টো পুলিশ বলছে, বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হন। সন্দেহভাজন হামলাকারী বা হামলাকারীরা এখনও পলাতক।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গোলাগুলির সময় উৎসবে আসা লোকজন আতঙ্কে ফুটপাত দিয়ে দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। একপর্যায়ে হলুদ সতর্কতামূলক ফিতা দিয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ।
পাশাপাশি একের পর এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালো রঙের এসইউভি, টহল গাড়ি, সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, গোলাগুলি শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পর তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে টরন্টোর মধ্যাঞ্চলের ওই এলাকা এড়িয়ে চলতে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।
ওই এলাকাতেই গত ২২ বছর ধরে প্রতিবছর লাতিন সংস্কৃতি উদযাপন উপলক্ষে সালসা অন সেন্ট ক্লেয়ার উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডায় প্রাণঘাতী বন্দুক সহিংসতার ঘটনা কম। এ ধরনের সহিংসতা কানাডায় বাস করা বিভিন্ন সম্প্রদায়কে উদ্বেগে ফেলেছে।
তিন সপ্তাহ আগে কানাডার মন্ট্রিয়লে আরেকটি বড় ধরনের এলোপাতাড়ি বন্দুক হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হন।