যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানার হুমকি কার্যকর করেন, তাহলে ইরানও ‘মধ্যপ্রাচ্যের সব অবকাঠামো’ ধ্বংস করে দেবে।
ইরানের এক সামরিক মুখপাত্র আজ বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দিয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে জানিয়েছে সিএনএন।
তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তাহলে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সেতু ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে আঘাত হানবে বলে গতকাল হুমকি দিয়েছিলেন ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এক বিবৃতিতে বলেছেন, যদি এই হুমকি কার্যকর করা হয়, তাহলে ইরানের জবাব ‘কেবল সমানুপাতিক হবে না, হবে তার চেয়েও বহুগুণ মারাত্মক’।
এই অঞ্চলের অবকাঠামো এমনভাবে ‘গুঁড়িয়ে দেওয়া হবে’ যে, ‘তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না’, যোগ করেন জোলফাগারি।
ইরানের সামরিক এই কর্মকর্তা বলেন, ‘এবারের হামলা আগের যেকোনো সময়ের চেয়ে আরও তীব্র, আরও ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক হবে।
‘ইরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালিতে হস্তক্ষেপ করতে দেবে না। এটি ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন।’