বিশ্বকাপ জয়ের উদযাপন করতে গিয়ে স্পেনের সালামাঙ্কা প্রদেশে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও দুই তরুণ। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পায়ের হাড় ভেঙে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার মধ্যরাতের পর স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে সালামাঙ্কার সিউদাদ রদ্রিগোর আরবোল গোর্দো ঝরনায় স্পেনের বিশ্বকাপ জয় উদযাপন করছিলেন স্থানীয়রা। এ সময় ঝরনাটির একটি অংশ ধসে পড়ে।
সিউদাদ রদ্রিগো পৌরসভা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, স্প্যানিশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়ের উদযাপন এক মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে তারা। এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জয়। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল দেশটি।