সৌদি আরবের ওপর ঘোষিত নৌ অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে দেশটির দুটি তেলের ট্যাংকারে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
এর মধ্য দিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের প্রচেষ্টার পাশাপাশি লোহিত সাগরেও বৈশ্বিক তেল সরবরাহের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ পথ অবরুদ্ধ হওয়ার ঝুঁকি তৈরি করেছে তারা।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনভিত্তিক এই গোষ্ঠী বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অঞ্চল নিয়ন্ত্রণ করে, যা আরব উপদ্বীপের হরমুজ প্রণালির ঠিক অপর প্রান্তে অবস্থিত।
গত সোমবার সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেয় হুতিরা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে সুবিধা আদায়ের লক্ষ্যে এটি ইরানের একটি কৌশলগত পদক্ষেপ।
লোহিত সাগরে জাহাজ চলাচলে নতুন করে এই হুমকি তৈরি হওয়ার আগেই হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে।
তেলের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে। তাছাড়া ইরান যুদ্ধের কারণে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।
পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল বুধবার লোহিত সাগরে গতিপথ পরিবর্তন করেছে পাঁচটি জ্বালানিবাহী ট্যাংকার, যাতে বাব আল-মান্দেব প্রণালি এড়ানো যায়।
এর আগের দিন মঙ্গলবার চীন ও ভারতের উদ্দেশে যাত্রা করা সৌদি আরবের তেলের তিনটি ট্যাংকারও মাঝপথ থেকে ঘুরিয়ে নেওয়া হয়।
এরপরই হুতিরা জানায়, তাদের বাহিনী লোহিত সাগরে এনসেলিয়া ও লায়লা নামে দুটি সৌদি তেলের ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।