ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুরের (আইআইটি কানপুর) ওয়েবসাইট হ্যাক করে এক শিক্ষার্থী লিখে রাখেন, ‘আমার কেবল একটি ন্যায্য সুযোগ চাই।’
তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা না করে প্রতিষ্ঠানটি তাকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগারওয়াল জানান, ওই শিক্ষার্থীকে তাদের সাইবার নিরাপত্তা গবেষণা কেন্দ্র সি৩আইহাবে ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তবে তিনি বলেন, সুযোগ পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করা কখনোই গ্রহণযোগ্য উপায় নয়।
মনীন্দ্র ইন্ডিয়া টুডেকে বলেন, ‘আইআইটি কানপুরে ভর্তির প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এক্ষেত্রে আইনি ও প্রশাসনিক কিছু বিষয়ও রয়েছে।
‘তবে আমরা ওই শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে চাইনি। তাই তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সি৩আইহাবে ইন্টার্নশিপের জন্য বিবেচনা করছি। আগামী বছর সে আবার ভর্তি হওয়ার চেষ্টা করতে পারে।’
ওয়েবসাইটের একটি অংশ হ্যাক করে সেখানে ‘সাইটটি হ্যাক করা হয়েছে। আমি কেবল একটি ন্যায্য সুযোগ চাই’ বার্তাটি প্রদর্শনের পর ঘটনাটি সামনে আসে।
পরে ওই শিক্ষার্থী এক্স ও রেডিটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাকের স্ক্রিনশট প্রকাশ করে নিজেই এর দায় স্বীকার করেন।
তার দাবি, আইআইটি কানপুরের কোনো ধরনের ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। ভর্তি হতে না পারার পর নিজের সাইবার নিরাপত্তা–সংক্রান্ত দক্ষতা দেখাতেই তিনি এটি করেছিলেন।
মনীন্দ্র জানান, আইআইটি কানপুরের বিটেক সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তির সময় আবেদনকারীদের প্রযুক্তিগত দক্ষতা দেখানোর একাধিক সুযোগ দেওয়া হয়। এর মধ্যে হ্যাকাথনের মতো প্রতিযোগিতাও রয়েছে।
তবে ওই শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করতে পারেননি।