বিতর্কিত বই ‘দ্বিখণ্ডিত’-কে কেন্দ্র করে প্রতিবাদের মুখে কলকাতা ছাড়তে বাধ্য হওয়ার প্রায় দুই দশক পর আজ শুক্রবার সেই শহরেই ফিরেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন।
পশ্চিমবঙ্গের রাজধানীর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তসলিমা বলেন, ‘এখানে এসে সত্যিই আমার খুব ভালো লাগছে।’
এনডিটিভি জানিয়েছে, ২০০৭ সালের পর এটিই কলকাতায় তসলিমার প্রথম প্রকাশ্য উপস্থিতি। সে বছর তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘দ্বিখণ্ডিত’ ঘিরে বিক্ষোভের মুখে তাকে কলকাতা ছাড়তে হয়।
এর এক দশক আগে বাংলাদেশ ছেড়ে কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তসলিমা। শহরটিকেই নিজের আবাসস্থল হিসেবে গড়ে তুলেছিলেন।
তসলিমা আগামীকাল শনিবার একটি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।