ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে বড় ধরনের বোমা হামলার পরিকল্পনা করছে। আজ শনিবার এবং রোববার এ হামলা চালানো হতে পারে বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে সিবিএস নিউজ।
প্রতিবেদনটি সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হামলার বিষয়ে এখনো চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ দাবি করেছে, ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর এটিই হতে পারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সবচেয়ে কঠোর হামলা। আর্থিক বাজার আগামী সোমবার খোলার আগেই হামলা শেষ করার বিষয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ দাবি করেছেন, যুদ্ধে ইরান ‘বিজয় অর্জন করেছে’। তবে এই ‘বিজয়কে সুসংহত ও স্থায়ী’ করতে হবে।
ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের পার্লামেন্ট সমন্বয় পরিষদের শনিবারের এক বৈঠকে গালিবাফ বলেন, জাতিকে উজ্জ্বল ভবিষ্যতের আশা ধরে রাখতে হবে। ইরানের কর্মকর্তাদের সর্বাগ্রে সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সক্ষমতা আরও সম্প্রসারণ করতে হবে।
তার মতে, শক্তিশালী ইরান গড়ার সব প্রচেষ্টার সূচনা হওয়া উচিত এ জায়গা থেকেই।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যে শনিবার ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর’ আঘাতের ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটি থেকে বলা হয়, ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে’ এর ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে ওমানের লিমা উপকূল থেকে প্রায় ১২ দশমিক ৫ নটিক্যাল মাইল দূরে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি।