কিছু বিয়ে স্মরণীয় হয়ে থাকে বাহারি ফুলের সাজের জন্য। কিছু সুরেলা সংগীতের জন্য। তবে ভারতের কেরালা রাজ্যের চাঙ্গানাসেরিতে সম্প্রতি অনুষ্ঠিত এক বিয়ে মনে থাকবে সম্পূর্ণ বিরল এক কারণে। এই বিয়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ভূমিকাতেই ছিলেন একজোড়া করে যমজ।
এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার চাঙ্গানাসেরি মেট্রোপলিটন চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলে অখিল কে টমাসের হাত ধরে দাঁড়িয়েছিলেন ম্যাগি মেরি টমাস। অখিলের যমজ ভাই নিখিল কে টমাসের পাশে ছিলেন ম্যাগির যমজ বোন মারিয়া মেরি টমাস।
এই আয়োজন আরও বিশেষ হয়ে ওঠে যখন যমজ দুই পুরোহিত বিয়ের আচার পরিচালনা করেন। শুধু তাই নয়, তাদের সহায়তা করেন যমজ দুই অল্টার বয়।
দুই পরিবারের কাছে এটি কেবল বিয়ে নয়; বহু বছর ধরে লালন করা এক স্বপ্নের বাস্তবায়ন।
বর অখিল ও নিখিল চাঙ্গানাসেরির ভেট্টুপরামবিল এলাকার কুঞ্জুমন টমাস ও জোমলের ছেলে। অন্যদিকে কনে ম্যাগি ও মারিয়া পাথানামথিট্টা জেলার কুলাথুরের কুম্বুলুভেলিল এলাকার টমিচান ও মেরিকুট্টির মেয়ে।
আয়োজনে বাড়তি চমক যোগ করেন কাঞ্জিরাপাল্লি ডায়োসিসের দুই যমজ পুরোহিত ফাদার অ্যান্টো পেঝুমকাট্টিল এবং ফাদার আজো পেঝুমকাট্টিল।
তাদের সহায়তায় বেদিতে উপস্থিত ছিলেন পালা এলাকার দুই যমজ ভাই জেরন জেমস ও জোহন জেমস।
ম্যাগি ও মারিয়া জানান, যমজ পুরোহিতের খোঁজ তারাই করেছিলেন। পরে কোথানাল্লুরের এক গির্জার মাধ্যমে তাদের খুঁজে পান। যমজদের সমাবেশের জন্য উপাসনালয়টি বেশ পরিচিত।
এই দুই বোন বলেন, ‘শৈশব থেকে আমাদের স্বপ্ন ছিল, আমাদের বিয়ে যমজদের উপস্থিতিতে হবে। আমাদের মা-বাবারও একই ইচ্ছে ছিল। যিশু খ্রিষ্ট সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা যখন পুরোহিতদের আমন্ত্রণ জানাই, তারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।’
পুরোহিতেরাও এই অনুষ্ঠানকে আজীবন মনে রাখার মতো মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
সংবাদমাধ্যমকে তারা বলেন, ‘যমজদের বিয়ে পড়ানো অত্যন্ত আনন্দের। এটি এমন এক অভিজ্ঞতা, যা স্মৃতি হয়ে থাকবে। এই আয়োজন আমাদের কল্যাণবোধ ও একতার কথা মনে করিয়ে দেয়।’