ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুরু জেলায় চিপসের প্যাকেটের ভেতরে থাকা ছোট প্লাস্টিকের খেলনা বল গিলে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে সাবেক গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি গৌরাম্মা ও শঙ্কর নায়কের নাতি এবং সন্তোষ ও ঐশ্বর্যের একমাত্র ছেলে।
এনডিটিভি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল শনিবার মুকুন্দ একটি কুরকুরে প্যাকেটের ভেতরে থাকা ছোট প্লাস্টিকের উপহারের বল মুখে দিয়ে গিলে ফেলে।
ধারণা করা হচ্ছে, প্লাস্টিকের বলটি তার গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হুনসুর থানায় মামলা করা হয়েছে। পুলিশ এর তদন্ত করছে।
এর আগে গত মার্চে একই জেলার হুনসুর এলাকার আরেকটি ঘটনায় বাড়িতে পূজার জন্য রাখা শুকনো জবা ফুল গলায় আটকে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।
দোদ্দাহেজ্জুর গ্রামের ওই শিশুর নাম চিন্ময় গৌড়া। সে বাড়িতে বড় ভাইবোনের সঙ্গে খেলছিল।
খেলার একপর্যায়ে বাড়ির প্রবেশপথে পূজার জন্য রাখা শুকনো জবা ফুলের একটি অংশ মুখে দেয় সে। ভাইবোনেরা সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করলে শিশুটি তা গিলে ফেলে।
এরপর শ্বাস নিতে কষ্ট হওয়ায় তাকে দ্রুত হানাগোদুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইসুরুর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।