এতদিন অন্যদের নির্বাচনে জয়ী হওয়ার কৌশল বাতলে দিতেন প্রশান্ত কিশোর। এবার নিজেই নির্বাচনে লড়ে জয় পেলেন। তাও আবার বিজেপি-শাসিত বিহারে দলটির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি বাঁকিপুর আসনে।
একসময়ের আলোচিত ভোট কুশলী ও বর্তমানে জন সুরাজ পার্টির (জেএসপি) প্রধান প্রশান্ত কিশোর বিহারের বাঁকিপুর আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এনডিটিভি জানিয়েছে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রশান্ত পেয়েছেন ৬৪ হাজার ১৫১ ভোট। আর বিজেপির প্রার্থী নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ৮২৭ ভোট।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী রেখা কুমারী ১৪ হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
গত ৩০ জুলাই বিহারের বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উপনির্বাচনে জয়ের পর সাংবাদিকদের প্রশান্ত কিশোর বলেন, ‘তিন মাসের মধ্যেই বাঁকিপুরে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। তবে সেজন্য আমাকে তিন মাস সময় দিতে হবে।
‘শুধু বাঁকিপুর নয়, গোটা বিহারের মানুষের জন্যই আমার দরজা খোলা। আমি এখানে অসাধারণ কিছু করিনি। তারপরও মাত্র ৩০ দিনে বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি ভেঙে দিয়েছি।’
এসময় বাঁকিপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিহারের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
প্রশান্ত বলেন, ‘বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে, তারা যেন বিহারের জন্য একজন যোগ্য ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করেন। অপরাধমূলক অতীত রয়েছে কিংবা যার আচরণ, চরিত্র বা সুনাম নিয়ে প্রশ্ন রয়েছে, এমন কাউকে বিহারের নেতৃত্বে দেখতে তারা চান না।’
এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নির্বাচনে জয়ের জন্য প্রশান্ত কিশোরকে অভিনন্দন জানিয়েছেন।