থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে একজন শিক্ষক নিহত হয়েছেন। ননথাবুরি শহরের ডেবসিরিন স্কুলে আজ শুক্রবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
পুলিশ বলছে, হামলাকারী ওই স্কুলেরই শিক্ষার্থী। হামলার পর সে আত্মহত্যা করে।
ননথাবুরি প্রাদেশিক পুলিশের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার ওই শিক্ষার্থী স্কুলের ভেতরে গুলি চালালে আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবা বিভাগের কর্মীরা।
জরুরি সেবা বিভাগের কর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, শিক্ষার্থীরা দ্রুত স্কুল থেকে বেরিয়ে আসছে। একের পর এক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাচ্ছে।
কয়েক মাস আগে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে আরেকটি স্কুলে বন্দুক হামলায় এক শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় হামলাকারী ছিলেন ১৮ বছর বয়সী এক তরুণ। তিনি সংখলা প্রদেশের ফাথং প্রাথান খিরিওয়াত স্কুলে গুলি চালিয়েছিলেন।
সেই হামলার সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে জিম্মি করা হয়েছিল। পরে পুলিশের অভিযানে তাদের উদ্ধার করা হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে আগ্নেয়াস্ত্রের মালিকানার হার অন্যতম বেশি। দেশটিতে বেসামরিক নাগরিকদের হাতে প্রায় এক কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। অর্থাৎ প্রতি সাতজন মানুষের বিপরীতে একটি করে আগ্নেয়াস্ত্র রয়েছে।
অস্ত্র নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করার অতীতের নানা প্রতিশ্রুতি সত্ত্বেও সেখানে বারবার বন্দুক হামলার ঘটনা ঠেকানো যাচ্ছে না।