মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জেদ্দায় অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।
২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক আজ শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে।
এ লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় পৌঁছান। তাদের এই সফর শনিবার পর্যন্ত চলবে।
অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।
বুহস্পতিবার বন্দর নগরীতে পৌঁছানোর পর শাহবাজ শরিফ ও পাকিস্তানি প্রতিনিধিদলকে স্বাগত জানান মক্কার উপ-গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুলআজিজ এবং সৌদির পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আবদুলরহমান আবদুলমোহসেন আল-ফাদলি।
এদিন সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ আগস্ট সৌদি সফর করবেন। সফরকালে প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে পাকিস্তান-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।