কানাডার পশ্চিমে প্রত্যন্ত অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের কারণে হাজারো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। গত শুক্রবার আগুনটি শনাক্ত হওয়ার একদিনের মধ্যে এর আয়তন দ্বিগুণ হয়েছে।
বিবিসি জানিয়েছে, কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সামারল্যান্ড ও ওকানাগান-সিমিলকামিন অঞ্চলের ৯৫ বর্গকিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়েছে ‘বোল্ড রেঞ্জ’ নামের এই দাবানল।
ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, আগুনটি এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
ওকানাগান-সিমিলকামিনের জরুরি বিভাগের কর্মকর্তা এরিক টম্পসন বলেন, দাবানলপ্রবণ এই এলাকায় অল্প সময়ে এত দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও এত বড় আকারের আগুন তিনি খুব কমই দেখেছেন।
শনিবার সকাল পর্যন্ত আগুনটি ‘নিয়ন্ত্রণের বাইরে’ ছিল।
প্রায় ১২ হাজার মানুষের বসবাস সামারল্যান্ডে লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সকালে কর্মকর্তারা জানান, পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ব্রিটিশ কলাম্বিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সামারল্যান্ডের বিভিন্ন পরিচর্যা কেন্দ্রে থাকা শত শত মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে।
প্রাদেশিক সরকারপ্রধান ডেভিড ইবি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘শুক্রবার সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত জরুরি সেবাকর্মী, দাবানল নিয়ন্ত্রণ সংস্থার কর্মী, পুলিশ সদস্য, জরুরি ব্যবস্থাপনা দল এবং স্থানীয় বাসিন্দারা সামারল্যান্ডের কাছে আগুন নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করেছেন।
‘বিভিন্ন এলাকার সুরক্ষা নিশ্চিত করতে তারা সম্ভব সবকিছুই করে যাচ্ছেন।’
আগুনে এখন পর্যন্ত কতগুলো স্থাপনা পুড়ে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চলতি গ্রীষ্মে কানাডাজুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। জুলাইয়ে শুধু অন্টারিওতেই প্রায় ২০০টি দাবানল জ্বলছিল। এর ধোঁয়ায় কয়েক দিন টরন্টোর বায়ুর মান বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পর্যায়ে নেমে যায়।
কানাডার এসব দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মিনেসোটা ও নিউইয়র্কসহ বিভিন্ন এলাকায়ও ছড়িয়ে পড়ে। এর জেরে কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।