সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এনিয়ে এক মাসের কম সময়ের মধ্যে দুবার এই কোম্পানির স্থাপনায় হামলা চালাল তারা।
হুতিদের সামরিক মুখপাত্রের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হামলার দায় স্বীকার করে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘জাজান শহরে আরামকোর শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালাতে আমরা সফল হয়েছি। হামলাটি নিখুঁত ছিল।’
উত্তর-পশ্চিম ইয়েমেনের ভূখণ্ডে সৌদি আরবের অনুপ্রবেশের জবাবে এই হামলা চালানো হয় বলেও জানান তিনি।
এর আগে রোববার ভোরের দিকে সৌদি আরব জানিয়েছিল, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজানে আরামকোর একটি স্থাপনায় আগুন লাগে। পরে কোম্পানির শিল্প নিরাপত্তা বিভাগের অগ্নিনির্বাপণ দল তা নিয়ন্ত্রণে আনে।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে ২৬ জুলাই টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতিরা জানিয়েছিল, তারা জাজান ও ইয়ানবুতে আরামকো-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি সেসময় বলেছিলেন, জাজানে আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং ইয়ানবুর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়।