যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১২ আগস্ট) দুপুরে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। আগুনটি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল’ বলেও জানান তিনি।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে জরুরি উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও চলছে।
১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার কার্যক্রমে সহায়তা করা।’
মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিন ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত আক্রমণ এবং আকাশ থেকে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় সক্ষম।
হেলিকপ্টারটিতে দুজন সেনাসদস্য বসতে পারেন। পেছনের ককপিটে থাকেন পাইলট এবং সামনের আসনে থাকেন কো-পাইলট ও গানার।
মার্কিন সেনাবাহিনী আরও জানায়, তারা পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে এবং ক্রু ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।