পরীক্ষামূলক পর্যায়ে থাকা চীনের ম্যাগলেভ বুলেট ট্রেন ত্বরণের ক্ষেত্রে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছে। মাত্র ৫ দশমিক ৩ সেকেন্ডে ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিবেগ অর্জন করে ট্রেনটি গত ছয় মাসে তৃতীয়বারের মতো নিজের রেকর্ড ভাঙল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্টের আজ শুক্রবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের দোংহু ল্যাবরেটরিতে এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে উচ্চগতির ম্যাগলেভ ট্রেনটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার গতিবেগ অর্জন করে।
এর আগে ১ দশমিক ১ টন ওজনের ট্রেনটি ঘণ্টায় ৭৯৮ কিলোমিটার গতিবেগ অর্জন করে নিজের রেকর্ড ভেঙেছিল। তারও আগে ২০২৫ সালের ডিসেম্বরে ২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিবেগ অর্জন করেছিল ট্রেনটি।
ম্যাগলেভ ট্রেনটির প্রথম পরীক্ষা চালানো হয় ২০২৫ সালের জুনে। সেবার এটি ৭ সেকেন্ডে ঘণ্টায় ৬৫০ কিলোমিটার গতিতে পৌঁছেছিল।
চীন ও জাপানে ম্যাগলেভ ট্রেন সাধারণত ঘণ্টায় প্রায় ৩২০ কিলোমিটার গতিতে চলাচল করে। চীনের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক উচ্চগতির রেলসেবা ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম।
ম্যাগলেভ ট্রেন কীভাবে কাজ করে
চৌম্বক ক্ষেত্রের সাহায্যে ম্যাগলেভ প্রযুক্তি ট্রেনকে রেললাইনের সঙ্গে সরাসরি সংস্পর্শ ছাড়াই ভাসিয়ে রাখে। ফলে রেললাইনের সঙ্গে ঘর্ষণ এড়ানো যায়। ট্র্যাকের পাশে থাকা কয়েল থেকে তৈরি চৌম্বক তরঙ্গ ট্রেনটিকে সামনে এগিয়ে নেয়।
চীনের সিজিটিএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্র্যাকটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ট্রেনটি নির্দিষ্ট অবস্থান থেকে সর্বোচ্চ শূন্য দশমিক ৫ মিলিমিটার পর্যন্ত বিচ্যুত হতে পারে।
একই ধরনের তড়িৎচৌম্বক প্রযুক্তি মহাকাশযান ও উড়োজাহাজ উৎক্ষেপণেও ব্যবহার করা যেতে পারে।