স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সম্প্রতি সপ্তাহে একবার পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেন দেশটির সুপ্রিম কোর্ট। এর পরিপ্রেক্ষিতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে প্রায় নয় মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা করেছেন একসময়ের ক্রিকেটার ইমরান খান।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সাল থেকে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রথমবারের মতো আজ বুধবার ইমরানের সঙ্গে ১৫ মিনিট সামনাসামনি কথা বলেন তার বোন নুরিন নিয়াজি।
কারাগার সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, কারাগারের সম্মেলনকক্ষে তাদের সাক্ষাৎ হয়। সেখানে ইমরানের স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সূত্রগুলো জানিয়েছে, ইমরানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের আগের একটি নির্দেশের কথাও তাকে জানান নুরিন।
এই সাক্ষাৎ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সুপ্রিম কোর্ট তার নির্দেশে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছিল, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ সাক্ষাৎকে ব্যবহার করা হলে ইমরানকে দেওয়া এই সুবিধা প্রত্যাহার করা হবে।
এদিন ইমরানের অন্য বোন আলিমা খান ও উজমা খান এবং তার চাচাতো ভাই কাসিম জামানকে তার সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া তার দলের কোনো রাজনৈতিক নেতাকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।
এর আগে গতকাল মঙ্গলবার কারাবন্দি ইমরানের স্ত্রী বুশরা বিবি পরিবারের সদস্যদের সঙ্গে আদিয়ালা কারাগারের সম্মেলনকক্ষে দেখা করেন।
কারাগার সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইমরানের সঙ্গে বুশরা বিবির সাক্ষাৎ প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়।
এরপর বুশরা বিবি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। তার প্রথম সংসারের সন্তান মুসা ও মুবাশারা মানেকা এবং ননদ মেহরুন্নিসার সঙ্গে তার সাক্ষাৎ ৪০ মিনিট স্থায়ী হয়।