ইউক্রেনের মধ্যঞ্চলীয় শহর ক্রাইভি রিহের একটি শপিং মলে রাশিয়ার দুই দফা ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শহরের সবচেয়ে বড় ওই শপিং মলে গতকাল শুক্রবার চালানো হামলায় ২৩টি শিশুসহ আরও অন্তত ১৩০ জন আহত হয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে আছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার জন্মশহরে দিনের আলোতে অত্যন্ত ‘নৃশংস ও ঘৃণ্য’ হামলা চালানো হয়েছে ‘দুই দফায়’। প্রথম হামলার পর দুর্ঘটনাস্থলে আসা উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয়বার হামলা চলে।
বিবিসির যাচাই করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রথম হামলায় আগুনে জ্বলতে থাকা শপিং মলটিতে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানে।
এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রুশ সামরিক বাহিনী।
দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা শুক্রবার সন্ধ্যার দিকে হামলায় ১৫ জনের মৃত্যু নিশ্চিত করেন, যাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করার কথা জানান তিনি।
টেলিগ্রামে হানঝা জানান, শপিং মলটিতে এখনো দুই শিশুসহ অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন।
এর আগে হানঝা জানিয়েছিলেন, হামলায় আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জীবিতদের দ্রুত খুঁজে বের করতে ইউক্রেনের আরও চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হচ্ছে।
দিনের শুরুতে ক্রাইভি রিহের মেয়র ওলেক্সান্দর ভিলকুল জানান, শপিং মলে রুশ ড্রোনগুলো ‘অনেক নিচ দিয়ে’ উড়ে এসে হামলা চালায়।
হামলাকারীদের ‘পশু’ হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, ‘কয়েকজন নিখোঁজ রয়েছেন, যারা ফোনকলের কোনো জবাব দিচ্ছেন না।’