দীর্ঘদিনের মিত্র দুই দেশ শেষ মুহূর্তে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে কানাডা থেকে আমদানি করা ২০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, আজ শনিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কানাডা থেকে আনা শত শত পণ্যের ওপর এই নতুন শুল্ক কার্যকর করবে ওয়াশিংটন।
এসব পণ্যের মধ্যে রয়েছে প্লাইউড, মদ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং হকি খেলার সামগ্রী।
দুই দেশই কয়েক সপ্তাহ ধরে তীব্র দরকষাকষিতে ব্যস্ত ছিল। কানাডার নির্দিষ্ট কিছু স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ ও গাড়ির ওপর শুল্ক ১৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব সংবলিত একটি খসড়া চুক্তি নিয়েও তারা কাজ করছিল।
ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনা স্থগিত করেছেন এবং কানাডার প্রতিনিধি দলকে অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে কার্নি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং কানাডার প্রতিনিধি দলকে অটোয়ায় ফিরে আসার নির্দেশ দিয়েছি।’
‘প্রতিনিধিরা আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত কানাডিয়ানদের স্বার্থ রক্ষায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে যে পরিবর্তনগুলোর প্রস্তাব করেছে, তা অন্যায্য ও অগ্রহণযোগ্য ছিল এবং তা যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।