মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে 'নতুন মার্কিন ভূখণ্ড' হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আজ রোববার একটি ছবি আবারও পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, জলপথটি বর্তমানে বন্ধ রয়েছে এবং ওয়াশিংটন তার নীতি পরিবর্তন না করা পর্যন্ত এটি বন্ধই থাকবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, গত ১৮ আগস্ট ছবিটি প্রথম পোস্ট করেছিলেন ট্রাম্প। এর চার দিন আগে ১৪ আগস্ট লং আইল্যান্ডের একটি পুলিশ একাডেমিতে দেওয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব।’
এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে আচরণ পরিবর্তন না করা পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি খুলবে না।
ইরান ইন্টারন্যাশনালকে রেজায়ি বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং এটি আর খুলবে না।
‘যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে প্রতিশ্রুতি পূরণ করলে পরিস্থিতি ভিন্ন হবে। তবে এবার যুক্তরাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। শুধু কথাবার্তা ও আলোচনার মাধ্যমে এর সমাধান হবে না।’
ইরানের এমন ঘোষণার পরও সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বেড়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রায় ২০০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল প্রায় ১৫০। তার আগের সপ্তাহে প্রায় ৪০।
সামুদ্রিক গোয়েন্দা তথ্য প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, গত দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে যাওয়া তরল পণ্যবাহী জাহাজের ৮০ শতাংশের বেশি হয় যুক্তরাষ্ট্রের সমর্থিত ও আন্তর্জাতিক মেরিটাইম অরগানাইজেশনের অনুমোদিত ওমানি রুট ব্যবহার করেছে, নয়তো নিজেদের অবস্থান বা গতিবিধির তথ্য গোপন করেছে।
রেজায়ি জানান, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি ‘মধ্যবর্তী রুট’ চালুর বিষয়ে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা হয়েছে। তবে এ বিষয়ে যৌথ বিবৃতি এখনো চূড়ান্ত হয়নি।