যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছেন, এমন প্রবাসীদের নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিলের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সোমবার এই নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘স্বল্পমেয়াদি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, এমন বিদেশিদের নন-ইমিগ্র্যান্ট ভিসা শনাক্ত ও বাতিল করতে’ তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয় করছে।
তবে এ প্রক্রিয়ায় ঠিক কতটি ভিসা বাতিল করা হবে, তা জানায়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ব্যবসা ও পর্যটন ভিসাধারী সর্বোচ্চ ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পরিকল্পনা করা হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি এবং দেশটির দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এপি।
মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসা বাতিল করবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব ভিসাধারীর মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয়ের আবেদন করছেন, তাদের ভিসা বাতিল করা হবে।
বি-১ ও বি-২ হলো ব্যবসা ও পর্যটনের জন্য দেওয়া নন-ইমিগ্র্যান্ট ভিসা।
তবে ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছে এপি।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যাদের আশ্রয়ের আবেদন বিচারাধীন, তাদের বেশিরভাগের ভিসার শ্রেণি পরিবর্তন করা হবে। তবে তারা আর ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে ভ্রমণকারী হিসেবে তাদের বর্তমান মর্যাদা ধরে রাখতে পারবেন না।