মিরপুর থেকে মতিঝিলগামী একটি বাস। বিকেলের যানজট ধীরে ধীরে জমছে। বাসের ভেতরে গরম, বাইরে হর্নের শব্দ। একজন কন্ডাক্টর ভাড়া তুলছেন। জানালার পাশে বসা এক বৃদ্ধ চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে আছেন। কিন্তু বাসের বেশিরভাগ মানুষের চোখ মোবাইল স্ক্রিনে। কেউ ফেসবুক স্ক্রল করছেন। কেউ ছোট ভিডিও দেখছেন। কেউ হেডফোন কানে দিয়ে নিঃশব্দে হাসছেন। পাশের সিটে বসা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হঠাৎ স্ক্রিনের দিকে একটু ঝুঁকে পড়লেন। এক মিনিটের একটা ভিডিও শেষ হয়েছে এমন জায়গায়, যেখানে একটা পরিবার জানতে যাচ্ছে বহুদিনের লুকিয়ে রাখা সত্য। ভিডিও শেষ। নিচে ভেসে উঠল পরের পর্ব। ছেলেটা আবার স্ক্রিনে চাপ দিল। এখন গল্প দেখার দৃশ্যটা অনেকটাই এমন।
একসময় মানুষ নাটক দেখত নির্দিষ্ট সময় মেনে। রাতের খাবার শেষে পরিবার একসঙ্গে বসত টেলিভিশনের সামনে। একটা রিমোট নিয়ে টানাটানি হতো। বিজ্ঞাপন শুরু হলে কেউ পানি আনতে যেত। গল্প তখন একটা যৌথ অভিজ্ঞতা ছিল। এখন সেই অভিজ্ঞতা বদলে গেছে।
গল্প দেখা ছড়িয়ে পড়েছে দিনের ছোট ছোট সময় গুলোতে। বাসে বসে। বিশ্ববিদ্যালয়ের করিডরে দাঁড়িয়ে। অফিসের বিরতিতে। কিংবা ঘুমানোর ঠিক আগের কয়েক মিনিটে। আর সেই সময়ের জন্যই তৈরি হয়েছে নতুন ধরনের নাটক মাইক্রো ড্রামা। এক মিনিট। কখনো দুই মিনিট। এর মধ্যেই সম্পর্ক ভাঙে। গোপন তথ্য বের হয়। কেউ প্রতিশোধ নেয়। কেউ আবিষ্কার করে, এতদিন যাকে পরিবার ভেবেছিল, সে আসলে সম্পূর্ণ অপরিচিত। তারপর গল্প থেমে যায় ঠিক সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে। দর্শক আরেকটা পর্ব চালু করেন। তারপর আরেকটা। তারপর আরও একটা।
চীনে এই পরিবর্তনটা সবচেয়ে আগে স্পষ্ট হয়ে ওঠে। ট্রেনের ভেতরে বসে মানুষ ছোট ছোট নাটক দেখছে। অফিস শেষে ক্লান্ত মানুষ স্ক্রল করতে করতে এক মিনিটের গল্পে আটকে যাচ্ছে। ডোউইন আর কুয়াইশো-এর মতো প্ল্যাটফর্ম খুব দ্রুত বুঝে যায় মানুষের হাতে সময় কমছে, কিন্তু স্ক্রিন থেকে চোখ সরানোর অভ্যাস কমছে না।
ভারতেও এখন একই ছবি। মেট্রোর ভেতরে কেউ হেডফোন কানে দিয়ে প্রেমের গল্প দেখছে। পাশের মানুষটা দেখছে পারিবারিক দ্বন্দ্ব। একটা ভিডিও শেষ হওয়ার আগেই আরেকটা শুরু হয়ে যাচ্ছে।
বাংলাদেশেও দৃশ্যটা এখন পরিচিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে কয়েকজন বন্ধু একই ফোনে নাটকের ক্লিপ দেখছে। চায়ের দোকানে বসে কেউ হঠাৎ বলে উঠছে, শেষে কী হলো? পাশের মানুষটাও স্ক্রিনের দিকে ঝুঁকে পড়ছে।
পুরো দুই ঘণ্টার সিনেমা দেখার সময় হয়তো অনেকের নেই। কিন্তু দুই মিনিটের আবেগের জন্য সময় ঠিকই বের হয়ে যাচ্ছে।
মাইক্রো ড্রামা শুধু নতুন বিনোদন নয়, এটা বদলে যাওয়া মনোযোগেরও গল্প। এখানে প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শুরুতেই গল্প দর্শককে থামাতে না পারে, আঙুল স্ক্রল করে অন্য ভিডিওতে চলে যায়।
তাই এখানে অপেক্ষা কম। দ্রুত কাট বেশি। সংলাপ ছোট। আবেগ তীব্র। কারণ এই দুনিয়ায় প্রতিটা ভিডিও আরেকটা ভিডিওর সঙ্গে লড়ছে। প্রতিটা গল্প মানুষের কয়েক সেকেন্ড মনোযোগের জন্য প্রতিযোগিতা করছে। তবে এই দ্রুততার ভেতরেও একটা প্রশ্ন থেকে যায়। এত দ্রুত দেখা গল্পগুলোর মধ্যে কোনগুলো সত্যিই মানুষের মনে থাকে?
ভিডিও শেষ হয়ে যায় খুব দ্রুত। কয়েক সেকেন্ড পরই নতুন আরেকটা গল্প স্ক্রিনে চলে আসে। আগেরটা হারিয়ে যায় নিচের দিকে নামতে থাকা অসংখ্য ভিডিওর ভিড়ে। তবু কিছু গল্প থেকে যায়। হয়তো কোনো দৃশ্যের জন্য। হয়তো কোনো সংলাপের জন্য। অথবা শুধু এই কারণে যে, খুব ছোট একটা মুহূর্তের মধ্যেও মানুষ নিজের জীবনের কিছুটা দেখতে পায়।
আর সেখানেই হয়তো মাইক্রো ড্রামার আসল শক্তি।