রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তেজগাঁও শিল্পাঞ্চল ও সায়েন্স ল্যাব এলাকায় শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে দুর্ঘটনাগুলো ঘটেছে।
সায়েন্স ল্যাবের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে এবং তেজগাঁও বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ও চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পৃথক সময়ে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আলিম (৪০) ও যাত্রী মো. হারুনুর রহমান (৩২), মোটরসাইকেল চালক সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (১৯)।
মৃতদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।