রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪ মিনিটে। এর আগে বুধবার রাতে রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ বজ্র ও শিলাবৃষ্টি হয়। বৃষ্টি পরিমাণ ছিল ৩১ মিলিমিটার।