রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তকারির গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল বলেন, নিউমার্কেটের শহীদ শাহনেওয়াজ হলের সামনে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ওই যুবককে চার-পাঁচ রাউন্ড গুলি করে। পরে তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে।