রাজধানীর কলাবাগান থানার এক উপ-পরিদর্শককে (এসআই) খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এসআইয়ের নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় জিডি করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘এসআই রাকিবুল হাসান সরকার মঙ্গলবার রাত্রিকালীন ডিউটির কথা বলে বেরিয়ে যান। মঙ্গলবার এসআই রাকিবের রাত্রিকালীন ডিউটি ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে একবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন তিনি। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন। নাইট ডিউটি আছে বলে রাত পৌনে ৮টার দিকে আবার সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন তিনি।’
মো. ফজলে আশিক বলেন, ‘তারপর থেকে তার (এসআই) খোঁজ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনায় জিডি করা হয়েছে ও সারা দেশের সব থানায় আমরা বার্তা দিয়েছি। পরিবারের সদস্যরাও এসআই রাকিবের কোনো খোঁজ জানে না।’
তিনি বলেন, ‘পরিবারের লোকজন বলছে, স্বাভাবিক ছেলে। কোথায় গেল তারাও বুঝতে পারছে না। কারো সঙ্গে কোনো পারিবারিক বিরোধের তথ্যও পাওয়া যায়নি।’
রাকিবুল হাসান গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের মাইজ উদ্দিন সরকারের ছেলে। তিনি থানা পুলিশের জন্য নির্ধারিত ব্যারাকে থাকতেন।
পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার নাসিম এ-গুলশান বলেন, ‘আমরা তার লোকেশনের বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাইনি। কারণ ব্যারাক থেকে বের হওয়ার সময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করছি।’
ব্যারাক থেকে বের হওয়ার সময় রাকিবের সঙ্গে কোনো অস্ত্র ছিল না বলেও নিশ্চিত করেন তিনি।