অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনৈতিক দিক থেকে দেশের জন্য আগামী দুই বছর কঠিন হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশ বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। এতে প্রায় দুই বছর সময় লাগতে পারে এবং আগামী সময়টা কঠিন হবে। অনেক সিদ্ধান্ত নিতে হবে, যার কিছু হয়তো জনপ্রিয় নাও হতে পারে।’
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার, নিয়ন্ত্রণ শিথিলকরণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা-এমন কি আরও উন্নত করা সম্ভব, যদিও এর জন্য আগামী দুই বছরে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’
এ সময়, ইতিমধ্যে বেশ কিছু সংস্কার ও নিয়ন্ত্রণ শিথিলকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে ও বাকি উদ্যোগগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি একটি কঠিন চিত্র তুলে ধরেছি। তবে আশার কথা হচ্ছে, দেশ একজন বিচক্ষণ ও দূরদর্শী নেতার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার চিন্তা ও কর্মদক্ষতা আমাদের অনুপ্রাণিত করছে।’
কঠিন সিদ্ধান্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘সাহসী ও কখনো কখনো অজনপ্রিয় সিদ্ধান্ত ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’
এ প্রসঙ্গে তিনি বিরোধী দলের সংসদ সদস্যদেরও জাতীয় স্বার্থে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এটি দেশ ও জনগণের স্বার্থে। নিম্নস্তরের অর্থনৈতিক ভারসাম্য থেকে উত্তরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’