রাজধানীর কলাবাগান থানা থেকে নিখোঁজ হওয়া উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের (৩২) সন্ধান এখনো না মিললেও তিনি ঢাকাতেই অবস্থান করছেন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত ২৬ এপ্রিল থেকে নিখোঁজ এই পুলিশ কর্মকর্তা সম্প্রতি মতিঝিলের একটি এটিএম বুথ থেকে টাকা তুলেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে) মতিঝিল এলাকার কমিউনিটি ব্যাংকের একটি বুথ থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেছেন রাকিবুল। তার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের প্রায় ৭০ থেকে ৭২ হাজার টাকা জমা রয়েছে।
ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘টাকা তোলার ধরন দেখে মনে হচ্ছে তিনি নিজ থেকেই আত্মগোপনে রয়েছেন। কোনো অপরাধী চক্রের কবলে পড়লে তারা হয়তো পুরো টাকাই তুলে নিতো।’
কলাবাগান থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নাইট ডিউটির কথা বলে সাদা পোশাকে ব্যারাক থেকে বের হন রাকিবুল। পরে একবার ব্যারাকে ফিরে চা খেয়ে রাত পৌনে ৮টার দিকে পুনরায় বেরিয়ে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। তবে মাঝে একবার চকবাজার এলাকায় তার অবস্থানের সংকেত পেয়েছিল পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, ব্যারাক থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কোনো সরকারি অস্ত্র ছিল না, তবে মোবাইল ও চার্জার সঙ্গে ছিল। বর্তমানে তাকে থানায় ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং দেশের সব থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, কোনো পারিবারিক সমস্যার কারণে রাকিবুল হাসান নিজেই আত্মগোপন করেছেন। নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম জানান, সহকর্মীদের সঙ্গে রাকিবুলের কোনো বৈরী সম্পর্ক ছিল না।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামের বাসিন্দা রাকিবুল হাসান সম্প্রতি পিবিআই থেকে ডিএমপিতে বদলি হয়ে আসেন। পুলিশে যোগ দেওয়ার আগে তিনি আয়কর বিভাগেও কর্মরত ছিলেন। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং মুখমণ্ডল গোলাকার। তার স্ত্রী বর্তমানে গাজীপুরের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
পুলিশের পক্ষ থেকে তার সন্ধানের সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।