রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, আসমাউল ইসলাম (৩০), জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও হুমায়ুন কবির খান (৫৯)।
জানা যায়, শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা থেকে শিক্ষা অধিদপ্তরে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী আসমাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমাউল শিক্ষা অধিদপ্তর ভবনের স্টোররুমে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী বিকেলে শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসামি জিন্নাত আলী ও হুমায়ুন কবির খানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, শুক্রবার ভোরের দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোররুমে অগ্নিকাণ্ড হয় বলে জানায় পুলিশ। পরে ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।