রাজধানীর চকবাজার মডেল থানা এলাকায় একটি পলিথিন কারখানা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৫ জুলাই) র্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে লালবাগ কেল্লার মোড় এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকবাজার মডেল থানার লালবাগ কেল্লার মোড়ের জলাপট্টি এলাকার একটি তিনতলা ভবনের নিচতলায় থাকা পলিথিন কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় পলিথিন তৈরির মেশিনের নিচে রাখা একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট শ্যামপুর থানায় সংঘটিত সহিংসতার সময় লুণ্ঠিত হয়েছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চলছে বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক তপন সরকার বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় র্যাব সবসময় প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং অপরাধ দমনে র্যাব-১০-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া পিস্তলটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।