চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় এ পদক্ষেপ নিয়েছে তারা। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানান।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার থেকে চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিন বিকেল ৪টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার, মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুলাপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মহানগরীর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।