রাজধানীর হাজারীবাগ থানার জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানার) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. কামরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে জিগাতলা পুরাতন কাঁচাবাজার ২৫/৭ /১ রোডে জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আমরা ওই হোস্টেলের কাজের বুয়া থেকে জানতে পেরেছি, রুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। পরে ভেতরে ঢুকে দেখতে পায় সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে হোস্টেল কর্তৃপক্ষ ৯৯৯ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এসআই জানান, নিহতের দুইবার বিয়ে হয়েছে। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার মো. জাকির হোসেন ও নুরজাহান বেগমের মেয়ে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তার সঙ্গে ৪/৫ মাস আগে জান্নাতারা রুমির ডিভোর্স হয়। আগে স্বামীর সঙ্গেও ডিভোর্স হয়েছিল। তিনি বলেন,আমার সঙ্গে বিয়ের পর আমরা নওগাঁর নজিপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতাম। প্রথম স্বামীর ঘরে আট বছরের একটি মেয়ে রয়েছে। আমার সঙ্গে সংসারে তার সাড়ে তিন বছরের একটি ছেলে রয়েছে।
তিনি আরও জানান, একদিন সে আমাকে বলে, তুমি ঘর থেকে বের হয়ে যাও তোমাকে আমার দরকার নেই। এরপর গত ৩/৫ মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। রুমি একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকুরি করতেন। ৫আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন, পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। পরে পুলিশ ফোন করে আমাকে আজ আত্মহত্যার খবর জানায়।
নিহতের খালাতো ভাই মোসোয়েইব হোসেন জানান, রুমি ঢাকায় ওই ছাত্রী হোস্টেলে একাই থাকতেন। তার দুইটি সন্তান রয়েছে। একটি ছেলে ও একটি মেয়ে। তারা দু’জনই নওগাঁয়ের গ্রামের বাড়িতে বসবাস করে। তিনি বলেন, ঢাকায় সে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকুরি করতো।