রাজধানীর মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে স্বর্ণের দোকান থেকে ৬০০ ভরি রুপা ও ৭০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার দিবাগত রাত ৩টা ২১ মিনিটে চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে কয়েকজন মুখোশধারী দোকানের শাটার খুলে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের লকার ও বাক্স খুলে স্বর্ণ ও রুপা চুরি করে বের হয়ে যায়।
স্বর্ণের দোকানের মালিক মাসুদ রানা বলেন, গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। এরপর আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি কেচিগেটের তালা ও শাটারের তালাও ভাঙা। এরপর ভেতরে ঢুকে দেখি আমার স্বর্ণের দোকান ভাঙচুর করা হয়েছে এবং সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা চুরি হয়ে গেছে।
তিনি দাবি করে, তার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার এবং নগদ চার লাখ টাকা নিয়ে যায়।