রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় হক ডকইয়ার্ডে ছুরিকাঘাতে মোহাম্মদ আহমেদ দেওয়ান (৬০) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ পিন্টু জানান, আমার শ্বশুর কেরানীগঞ্জের হক ডকইয়ার্ডের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন। ভোরের দিকে তার প্রতিষ্ঠানে ডিউটি করার জন্য যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে পথে আটকায়। পরে তার পেটে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।