বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে মো. জাকারিয়া শয়ন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার জোড়গাছা বাজার এলাকায় বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত শয়ন জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমির ভাতিজা।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যায় জোড়গাছা বাজারে একদল দুর্বৃত্ত শয়নের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান জানান, ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।