বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম ফকির কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে তিন সদস্যের একটি ডাকাত দল ছাতুয়া মাতালপাড়া গ্রামের শ্রী গোপাল চন্দ্র সাহার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার লুট করেন। এরপর পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিম ফকিরকে আটক করে উত্তেজিত জনতা। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও একই পরিবারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মুখোশধারীরা টাকা চুরি করে নিয়ে যায়, যা বর্তমান ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখা উচিত।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ‘এটি একটি পরিকল্পিত ডাকাতির ঘটনা। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের হাতে একজন নিহত হয়। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’