যশোরের সদর উপজেলায় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও গাঁজাসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। অপরাধী কাউকেই প্রশ্রয় দেবে না যুবদল। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।