লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার শুভ কুমার দাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় লেবাননের চলমান সংঘাতে সাতক্ষীরার ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে মঙ্গলবার (১২ মে) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহত শুভ দাস সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।
নিহত শুভর বাবা সুরঞ্জন দাস জানান, তিন বছর আগে লেবাননে যান শুভ। সেখানে একটি বসতবাড়ি ও ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার পাঠানো আয়ের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এদিকে সোমবারের (১১ মে) ওই হামলায় সাতক্ষীরার আরও দুজন প্রাণ হারিয়েছেন। তারা হলেন- সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৮) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে নাহিদুল ইসলাম (২৬)।