সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০টি গ্রামের মানুষ আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। বুধবার (২৭ মে) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে এসব গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও কুরবানির আনুষ্ঠানিকতা শুরু করেন।
বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাতক্ষীরা সদর উপজেলার বাউখোলা আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে। এই জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান।
একই সময়ে জেলার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা ও মিরগিডাঙ্গাসহ প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদ উদযাপন করছে।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ছাগল কুরবানির মধ্য দিয়ে তারা ঈদের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।