জামালপুরের ইসলামপুর উপজেলায় ডাকযোগে পাঠানো একটি চিঠিতে স্থানীয় এক বিএনপি নেতাকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুজিব শতবর্ষের লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত খামে পাঠানো ওই চিঠিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় ভুক্তভোগী নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ সবুজ সোমবার (২২ জুন) দুপুরে চিঠিটি পান। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, চিঠির খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো ও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের নাম ও ঠিকানায় মোহাম্মদ সবুজ ও তার বাবা জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়। ভেতরে হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা বার্তায় অশালীন ভাষায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সেখানে তাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার কথাও উল্লেখ করা হয়। তবে চিঠিতে প্রেরকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
মোহাম্মদ সবুজ বলেন, চিঠি আসার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে জানতে পারেন, আবু তালেব নামের একজন ব্যক্তি বাড়ির সামনে এসে চিঠিটি রেখে যান। বিষয়টি জানার পর তিনি ডাকঘরে খোঁজ নিলে জানানো হয়, চিঠিটি ইসলামপুর ডাকঘর হয়ে এসেছে। তার দাবি, ব্যক্তিগত বা রাজনৈতিকভাবে কারও সঙ্গে তার কোনো বিরোধ নেই, যার কারণে এমন হুমকি আসতে পারে। তাই কে বা কারা এর পেছনে রয়েছে, তা বুঝতে পারছেন না।
তিনি আরও বলেন, চিঠি পাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। তবে এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি নিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানান।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাটি তার জানা নেই। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগও করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।