কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাটে কাছে কনকের মরদেহ ভাসছিল। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটি কোনো কারণে নদীর কিনারায় গিয়ে পানি পড়ে গিয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।