কুমিল্লার দাউদকান্দিতে উদ্ধার হওয়া এক অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় পাঁচ বছরেও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত না হওয়ায় হত্যা মামলার তদন্তেও কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ পরিস্থিতিতে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে দাউদকান্দি মডেল থানার দোনারচর গ্রামের দোনারচর-টু-কাউন্টারগামী সড়কের পশ্চিম পাশে সিএন্ডবি পুকুরপাড় এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একই দিনে দাউদকান্দি মডেল থানায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই কুমিল্লা জেলা।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর। মরদেহ উদ্ধারের সময় তার পরনে একটি শার্ট ও একটি প্যান্ট ছিল। সুরতহাল প্রতিবেদনে শরীরে দৃশ্যমান কোনো গুরুতর আঘাতের চিহ্ন না পাওয়া গেলেও গলার সামনের অংশে কালচে রঙের অর্ধচন্দ্রাকৃতির একটি দাগ দেখা যায়, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
পিবিআই জানায়, মরদেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দা, সংশ্লিষ্ট থানা, সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পরবর্তী সময়ে পিবিআই বিভিন্নভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে হত্যার উদ্দেশ্য, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও মামলার তদন্ত কার্যক্রম জটিল হয়ে পড়েছে।
তদন্ত কর্মকর্তাদের মতে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে। এ কারণে তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পিবিআইয়ের সঙ্গে ০১৭১৫০৮৫৬২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।