খুলনা আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক ইমদাদুল হক মিলন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে একজন আহত হয়েছেন।
শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় তিনটি মোটরসাইকেলে আসা ৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দেবাশীষ বিশ্বাসও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক ইমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন ও দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
সাংবাদিক ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন ও শলুয়া প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ জানান, আমরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।