রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুষার খলিফা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শাহআলী থানাধীন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে রবিউল প্লাজার সামনে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা তুষার খলিফাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা একটি পুরোনো কালো-নীল রঙের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, ব্যাগটির ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় খাকি রঙের কস্টেপ ও নীল পলিথিনে মোড়ানো ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তুষার খলিফার বিরুদ্ধে শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।