রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৩৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের সময় ৫৭৩টি যানবাহন ডাম্পিং এবং ২২৮টি যানবাহন রেকার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩১টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৫২৮টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪০৯টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮১টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৭টি মামলা করা হয়।
এসব মামলার মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে। অভিযানে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।