রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার অভিযোগে এক দালালকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১১টা ১০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্ব পালনকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা দেখতে পান, এক ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসক দেখানো, উন্নত চিকিৎসা ও কম খরচে সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম এবং আনসার সদস্য কাওছার মিয়া ও সাইফুল ইসলাম অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রম চালানোর কথা স্বীকার করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক লিটন মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।